Friday, November 20, 2026

বায়বীয় পাকিস্তানী সংস্কৃতি

“(১৯৪৯ সালে) আমার এবং হয়তো আরো অনেকের ধারণাই ছিল না, পাকিস্তানি সংস্কৃতির নামে যাকে বরণ করতে চলেছি সবাই, সেটা পাকিস্তানের নয়, ভারতের উত্তর প্রদেশের মুসলমানদের সংস্কৃতি। উর্দু পাকিস্তানের কোনো প্রদেশেরই ভাষা নয়, উত্তর ভারতের মুসলমানদের নিজস্ব ভাষা। অনেক পরে পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানে পাঁচ বছর কেটেছিল আমার, সেখানেই সিন্ধি, বালুচি, পশতু, পাঞ্জাবি ভাষার সঙ্গে পরিচয় ঘটেছিল। এগুলোই ছিল পাকিস্তানের বিভিন্ন প্রদেশের মানুষের মাতৃভাষা। কোনো সিন্ধি, বালুচ, পাঠান এবং পাঞ্জাবি মহিলাকে আমি গারারা চোস্ত পায়জামা পরতে দেখিনি। সিন্ধু প্রদেশ এবং দক্ষিণ বেলুচিস্তানের যাযাবর ব্রোহী মহিলাদের পোশাক ছিল ঘাঘরা ও কোর্তা, যেমন পোশাক পরতে দেখা যায় ভারতের রাজস্থানের থর মরুভূমি অঞ্চলের যাযাবরদের (এই থর মরুভূমিরই অর্ধেক পাকিস্তানের সিন্ধু প্রদেশের অন্তর্গত।) পশ্চিম পাকিস্তানে পুরুষদের চোস্ত পাজামা শেরওয়ানি ইত্যাদি আমদানী করেছিলেন উত্তর ভারত থেকে আসা উর্দুভাষী অভিজাত মুসলমানেরা। পাঠান বালুচরা সে ভাষা বা সংস্কৃতির বিরোধিতা না করলেও তাকে আত্মস্থ করে নিতে প্রথমদিকে একেবারেই অগ্রসর হয়নি। নিজেদের ভাষা কৃষ্টিকে তারা বহুদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল নিজস্ব 'ট্রাইবাল' বা উপজাতীয় সংস্কৃতির মাঝে। এখনো রেখেছে কি না জানি না।


অথচ পূর্ব পাকিস্তানে উত্তর ভারতীয় সংস্কৃতিকে মুসলমানের সংস্কৃতি বা পাকিস্তানি সংস্কৃতি হিসেবে বিবেচনা করতে দ্বিধার কারণ ঘটেনি। পালা বদলের এই হাওয়া বইছিল কেবল শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি মুসলমানকে ঘিরেই। আমাদের সেই শহরের(ফরিদপুর) সাধারণ মানুষের জীবনে কিন্তু নবাগত সংস্কৃতির হাওয়া তেমন লাগেনি। আমাদের বাড়ির পাশের রাস্তাটি দিয়ে গ্রাম অঞ্চল থেকে যেসব মানুষ শহরে আসা যাওয়া করত, তাদের পোশাকে কোনো পরিবর্তন ছিল না। ফরিদপুরের চর অঞ্চলের অথবা গ্রামের ভাষাতেই তারা কথা বলত। তাদের দৈনন্দিন জীবনযাত্রায়, বিনোদনে, আচার অনুষ্ঠানে পুরোন স্রোতই বয়ে চলেছিল। শহরে হিন্দু অধিবাসীর সংখ্যা আগের চেয়ে কমে গেলেও তখনো শারদীয়া দুর্গা পূজা, সরস্বতী পূজা ইত্যাদি হতো বেশ সমারোহেই। চৈত্র মাসে কাঁচা আমের কাসুন্দি তৈরির জন্য হিন্দু মহিলারা আসতেন আমাদের পুকুরে সর্ষে ধুয়ে নিতে। আচার অনুযায়ী সর্ষের ডালা হাতে মহিলার দল উলু দিতে দিতে পুকুরে নামতেন, উলু দিতে দিতেই সর্ষের ডালা হাতে ফিরে যেতেন। শীতে সারা রাত ধরে আগের মতোই শোনা যেত পালা গান, যাত্রা-গান। শোনা যেত শ্রীকৃষ্ণ কীর্তন, হরি-কীর্তন। এরই পাশাপাশি আবার হাটে, বাজারে, পথেঘাটে যখন-তখনই শোনা যেত নতুন আসা মানুষদের মুখে নতুন ভাষা, উর্দু। ইস্কুলে আমরা তখন পড়ছি কায়দে আজম মোহাম্মদ আলীর কৃতিত্বময় জীবনী। প্রতিদিনই উপলব্ধি করছি, আমরা বুঝি নতুন কোনো দেশে এসে গেছি, সেই দেশের চালচলন শেখার নবিশীই করছি। আমার মতো ছাত্রছাত্রীরা তখন প্রাণপণে উর্দু আর আরবি ব্যাকরণ মুখস্থ করছে।


তখনো পাকিস্তানের জাতীয় সঙ্গীত নির্ধারিত হয়নি। (সৌভাগ্যই আমাদের, উর্দু নয়- ফারসি ভাষায় লেখা জাতীয় সঙ্গীত 'পাক সার জামিন' তোতা পাখির বুলির মত না বুঝে গাইতে হচ্ছিল না।) এখন ভাবতে হয়, 'পাকিস্তান' ধারণাটি যাদের চিন্তা ধারণায় জন্ম নিয়েছিল সম্ভবত তিনি বা তারা ছিলেন সুদূর অতীতের ক্ষমতা সম্পদ ও সমৃদ্ধির নষ্টালজিয়া আক্রান্ত। ইরান, আফগানিস্তান ও মধ্য এশিয়া থেকে আগত শক, হূণ, মোঙ্গল (মোগল) পাঠান সাম্রাজ্যবাদীদের গোটা ভারতবর্ষকে করতলগত করে রাখা এবং ধন সম্পদের প্রাচুর্যে উচ্চবর্গীয় বিলাসবহুল সংস্কৃতি প্রসারের স্মৃতিই ছিল তাদের অবলম্বন। তারাই নিঃসন্দেহে উত্তর ভারতীয় মুসলমান। ইংরেজ শাসনে যারা ক্ষমতা ও সম্পদ ভোগের অধিকার হারিয়েছিল। এক সময়ে দিল্লিশ্বরের পক্ষপুটে আশ্রয়প্রাপ্ত এই অভিজাতরা হীনম্মন্যতাকে অতিক্রম করার উপায় হিসেবে অতীতকেই আঁকড়ে ধরতে বাধ্য হয়েছিল। এরাই ভারতের হিন্দু ও অন্যান্য নিম্নবর্গীয় মুসলমানদের সঙ্গে নিজেদের স্বতন্ত্র করে অতীতের মোহে মোহাচ্ছন্ন ছিল। পূর্ব পুরুষের ছেড়ে আসা মাতৃভূমিকে নিজ দেশ ভেবে নিতে দ্বিধা করেনি, এবং নিজেকে বহিরাগত ভেবে ছিল গর্বিত।


বলা বাহুল্য পশ্চিম পাকিস্তানের পশতুন, বালুচ, ব্রোহী এই সব উপজাতীয় মানুষের ওপর চাপিয়ে দেয়া হয় উত্তর ভারতীয় ভাষা সংস্কৃতি। পশতু, বালুচি, ব্রোহী বা পাঞ্জাবি ভাষা উচ্চতর শিক্ষা বা প্রশাসনিক কাজ সম্পাদনের মতো শক্তিশালী ছিল না বলেই উত্তর ভারতের উর্দুর কাছে তাদের আত্মসমর্পণ করতে হয়েছিল। পাঞ্জাব প্রদেশ ছিল চিরকালই বহিঃআক্রমণকারীদের প্রবেশপথ। বিভিন্ন আগ্রাসনবাদীর দ্বারা যেমন সে নির্যাতিত হয়েছে, তেমনি আত্মরক্ষার প্রয়োজনে তাকে হতে হয়েছিল সুবিধাবাদী। যার ফলে ইংরেজের শাসন সুপ্রতিষ্ঠিত করতে সহায়ক ভূমিকা নিয়েছিল পাঞ্জাব। সিপাই বিদ্রোহের সময় সারা ভারত যখন বিদ্রোহে জ্বলে উঠেছিল, একমাত্র পাঞ্জাব ছিল ইংরেজের পক্ষে। এর বিনিময়ে অনেক সুবিধাও সে আদায় করে নিয়েছিল ইংরেজের কাছ থেকে। পশ্চিম পাকিস্তানের অন্যান্য প্রদেশের মানুষ বহু দিন পর্যন্ত পাঞ্জাবিদের 'ভাড়াটে সৈনিকের জাত' আখ্যায়িত করতে দ্বিধা করত না। সুতরাং উত্তর ভারত থেকে আগত অতীত ঐতিহ্য ও সংস্কৃতির বাহক শিক্ষিত মুসলমানদের, 'পাকিস্তানি' তত্ত্ব মেনে নিতে পাঞ্জাবের দেরি না হওয়ার কারণ তার সুবিধাবাদী চরিত্রটি। পাকিস্তান প্রতিষ্ঠার পর তারাই সুবিধা নিতে কর্তৃত্বলাভী হয়।


আশ্চর্যের বিষয় পূর্ববঙ্গ সম্পূর্ণ ভিন্ন ভাষা, সংস্কৃতির ঐতিহ্য বহন করলেও তাকে একটি প্রদেশ হিসেবে পরিগণিত করা হল এবং নাম দেওয়া হল পূর্ব-পাকিস্তান, এখানে একটি ফাঁকি অবশ্যই রয়ে গিয়েছিল। অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে বঞ্চিত করাই সম্ভবত ছিল মূল উদ্দেশ্য। বাজেটের অর্থ বিতরণের সময় পূর্ব পাকিস্তান ছিল ততটুকুরই অধিকারী যতটুকু অন্যান্য প্রদেশগুলোর প্রাপ্য। সুতরাং পূর্ব পাকিস্তান নাম হলেও বাজেট বরাদ্দের জন্যই তাকে প্রদেশ হিসেবে ধরা হয়েছিল। কিন্তু জনসংখ্যার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের প্রাপ্য ছিল অনেক বেশি। তাছাড়া পাকিস্তানকে যেহেতু দু'টি ভাগে ভাগ করা হয়েছিল, সেক্ষেত্রে বাজেট বরাদ্দের ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বাজেটের ভাগ সম-অঙ্কেরই হওয়া উচিত ছিল।


এই ধরনের প্রতারণা যাতে পূর্ববঙ্গের মানুষ মেনে নিতে অরাজী না হয়, সেই কারণে প্রথম থেকেই পূর্ববঙ্গকে দমন করার নীতি ছিল পাকিস্তানি শাসকবর্গের। বলা বাহুল্য শাসনকার্য পরিচালনায় পশ্চিম পাঞ্জাবের প্রভাব ছিল শক্তিশালী। পাকিস্তান সৃষ্টির প্রথম থেকেই পূর্ববঙ্গকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখেছে পাঞ্জাব। অর্থনৈতিক ক্ষেত্রে ও শিক্ষায়-যোগ্যতায় অন্যান্য প্রদেশ ছিল, পাঞ্জাবের তুলনায় পশ্চাদপদ। অথচ পূর্ব পাকিস্তান ছিল শিক্ষায়, মেধায় পাঞ্জাবের চেয়ে অগ্রগামী। পাঞ্জাবি সুবিধাবাদের পক্ষে পূর্ব পাকিস্তানের এই অগ্রগামিতাকে ভবিষ্যৎ হুমকির কারণ হতে পারে ভেবেই আগ্রাসন শুরু হয়েছিল পূর্ববঙ্গের মানুষের ভাষা ও সংস্কৃতির ওপর। পাকিস্তানি সংস্কৃতি কথিত উত্তর ভারতের মুসলমানের সংস্কৃতি এবং ভাষাকেই বাঙালি দমনে অস্ত্র হিসেবে হাতে তুলে নেওয়া হয়েছিল।”

[প্রাচীন নগরীতে যাত্রা, রিজিয়া রহমান পৃ. ১৩১-১৩৪]

No comments: