Friday, November 20, 2026

বায়বীয় পাকিস্তানী সংস্কৃতি

“(১৯৪৯ সালে) আমার এবং হয়তো আরো অনেকের ধারণাই ছিল না, পাকিস্তানি সংস্কৃতির নামে যাকে বরণ করতে চলেছি সবাই, সেটা পাকিস্তানের নয়, ভারতের উত্তর প্রদেশের মুসলমানদের সংস্কৃতি। উর্দু পাকিস্তানের কোনো প্রদেশেরই ভাষা নয়, উত্তর ভারতের মুসলমানদের নিজস্ব ভাষা। অনেক পরে পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানে পাঁচ বছর কেটেছিল আমার, সেখানেই সিন্ধি, বালুচি, পশতু, পাঞ্জাবি ভাষার সঙ্গে পরিচয় ঘটেছিল। এগুলোই ছিল পাকিস্তানের বিভিন্ন প্রদেশের মানুষের মাতৃভাষা। কোনো সিন্ধি, বালুচ, পাঠান এবং পাঞ্জাবি মহিলাকে আমি গারারা চোস্ত পায়জামা পরতে দেখিনি। সিন্ধু প্রদেশ এবং দক্ষিণ বেলুচিস্তানের যাযাবর ব্রোহী মহিলাদের পোশাক ছিল ঘাঘরা ও কোর্তা, যেমন পোশাক পরতে দেখা যায় ভারতের রাজস্থানের থর মরুভূমি অঞ্চলের যাযাবরদের (এই থর মরুভূমিরই অর্ধেক পাকিস্তানের সিন্ধু প্রদেশের অন্তর্গত।) পশ্চিম পাকিস্তানে পুরুষদের চোস্ত পাজামা শেরওয়ানি ইত্যাদি আমদানী করেছিলেন উত্তর ভারত থেকে আসা উর্দুভাষী অভিজাত মুসলমানেরা। পাঠান বালুচরা সে ভাষা বা সংস্কৃতির বিরোধিতা না করলেও তাকে আত্মস্থ করে নিতে প্রথমদিকে একেবারেই অগ্রসর হয়নি। নিজেদের ভাষা কৃষ্টিকে তারা বহুদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল নিজস্ব 'ট্রাইবাল' বা উপজাতীয় সংস্কৃতির মাঝে। এখনো রেখেছে কি না জানি না।


অথচ পূর্ব পাকিস্তানে উত্তর ভারতীয় সংস্কৃতিকে মুসলমানের সংস্কৃতি বা পাকিস্তানি সংস্কৃতি হিসেবে বিবেচনা করতে দ্বিধার কারণ ঘটেনি। পালা বদলের এই হাওয়া বইছিল কেবল শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি মুসলমানকে ঘিরেই। আমাদের সেই শহরের(ফরিদপুর) সাধারণ মানুষের জীবনে কিন্তু নবাগত সংস্কৃতির হাওয়া তেমন লাগেনি। আমাদের বাড়ির পাশের রাস্তাটি দিয়ে গ্রাম অঞ্চল থেকে যেসব মানুষ শহরে আসা যাওয়া করত, তাদের পোশাকে কোনো পরিবর্তন ছিল না। ফরিদপুরের চর অঞ্চলের অথবা গ্রামের ভাষাতেই তারা কথা বলত। তাদের দৈনন্দিন জীবনযাত্রায়, বিনোদনে, আচার অনুষ্ঠানে পুরোন স্রোতই বয়ে চলেছিল। শহরে হিন্দু অধিবাসীর সংখ্যা আগের চেয়ে কমে গেলেও তখনো শারদীয়া দুর্গা পূজা, সরস্বতী পূজা ইত্যাদি হতো বেশ সমারোহেই। চৈত্র মাসে কাঁচা আমের কাসুন্দি তৈরির জন্য হিন্দু মহিলারা আসতেন আমাদের পুকুরে সর্ষে ধুয়ে নিতে। আচার অনুযায়ী সর্ষের ডালা হাতে মহিলার দল উলু দিতে দিতে পুকুরে নামতেন, উলু দিতে দিতেই সর্ষের ডালা হাতে ফিরে যেতেন। শীতে সারা রাত ধরে আগের মতোই শোনা যেত পালা গান, যাত্রা-গান। শোনা যেত শ্রীকৃষ্ণ কীর্তন, হরি-কীর্তন। এরই পাশাপাশি আবার হাটে, বাজারে, পথেঘাটে যখন-তখনই শোনা যেত নতুন আসা মানুষদের মুখে নতুন ভাষা, উর্দু। ইস্কুলে আমরা তখন পড়ছি কায়দে আজম মোহাম্মদ আলীর কৃতিত্বময় জীবনী। প্রতিদিনই উপলব্ধি করছি, আমরা বুঝি নতুন কোনো দেশে এসে গেছি, সেই দেশের চালচলন শেখার নবিশীই করছি। আমার মতো ছাত্রছাত্রীরা তখন প্রাণপণে উর্দু আর আরবি ব্যাকরণ মুখস্থ করছে।


তখনো পাকিস্তানের জাতীয় সঙ্গীত নির্ধারিত হয়নি। (সৌভাগ্যই আমাদের, উর্দু নয়- ফারসি ভাষায় লেখা জাতীয় সঙ্গীত 'পাক সার জামিন' তোতা পাখির বুলির মত না বুঝে গাইতে হচ্ছিল না।) এখন ভাবতে হয়, 'পাকিস্তান' ধারণাটি যাদের চিন্তা ধারণায় জন্ম নিয়েছিল সম্ভবত তিনি বা তারা ছিলেন সুদূর অতীতের ক্ষমতা সম্পদ ও সমৃদ্ধির নষ্টালজিয়া আক্রান্ত। ইরান, আফগানিস্তান ও মধ্য এশিয়া থেকে আগত শক, হূণ, মোঙ্গল (মোগল) পাঠান সাম্রাজ্যবাদীদের গোটা ভারতবর্ষকে করতলগত করে রাখা এবং ধন সম্পদের প্রাচুর্যে উচ্চবর্গীয় বিলাসবহুল সংস্কৃতি প্রসারের স্মৃতিই ছিল তাদের অবলম্বন। তারাই নিঃসন্দেহে উত্তর ভারতীয় মুসলমান। ইংরেজ শাসনে যারা ক্ষমতা ও সম্পদ ভোগের অধিকার হারিয়েছিল। এক সময়ে দিল্লিশ্বরের পক্ষপুটে আশ্রয়প্রাপ্ত এই অভিজাতরা হীনম্মন্যতাকে অতিক্রম করার উপায় হিসেবে অতীতকেই আঁকড়ে ধরতে বাধ্য হয়েছিল। এরাই ভারতের হিন্দু ও অন্যান্য নিম্নবর্গীয় মুসলমানদের সঙ্গে নিজেদের স্বতন্ত্র করে অতীতের মোহে মোহাচ্ছন্ন ছিল। পূর্ব পুরুষের ছেড়ে আসা মাতৃভূমিকে নিজ দেশ ভেবে নিতে দ্বিধা করেনি, এবং নিজেকে বহিরাগত ভেবে ছিল গর্বিত।


বলা বাহুল্য পশ্চিম পাকিস্তানের পশতুন, বালুচ, ব্রোহী এই সব উপজাতীয় মানুষের ওপর চাপিয়ে দেয়া হয় উত্তর ভারতীয় ভাষা সংস্কৃতি। পশতু, বালুচি, ব্রোহী বা পাঞ্জাবি ভাষা উচ্চতর শিক্ষা বা প্রশাসনিক কাজ সম্পাদনের মতো শক্তিশালী ছিল না বলেই উত্তর ভারতের উর্দুর কাছে তাদের আত্মসমর্পণ করতে হয়েছিল। পাঞ্জাব প্রদেশ ছিল চিরকালই বহিঃআক্রমণকারীদের প্রবেশপথ। বিভিন্ন আগ্রাসনবাদীর দ্বারা যেমন সে নির্যাতিত হয়েছে, তেমনি আত্মরক্ষার প্রয়োজনে তাকে হতে হয়েছিল সুবিধাবাদী। যার ফলে ইংরেজের শাসন সুপ্রতিষ্ঠিত করতে সহায়ক ভূমিকা নিয়েছিল পাঞ্জাব। সিপাই বিদ্রোহের সময় সারা ভারত যখন বিদ্রোহে জ্বলে উঠেছিল, একমাত্র পাঞ্জাব ছিল ইংরেজের পক্ষে। এর বিনিময়ে অনেক সুবিধাও সে আদায় করে নিয়েছিল ইংরেজের কাছ থেকে। পশ্চিম পাকিস্তানের অন্যান্য প্রদেশের মানুষ বহু দিন পর্যন্ত পাঞ্জাবিদের 'ভাড়াটে সৈনিকের জাত' আখ্যায়িত করতে দ্বিধা করত না। সুতরাং উত্তর ভারত থেকে আগত অতীত ঐতিহ্য ও সংস্কৃতির বাহক শিক্ষিত মুসলমানদের, 'পাকিস্তানি' তত্ত্ব মেনে নিতে পাঞ্জাবের দেরি না হওয়ার কারণ তার সুবিধাবাদী চরিত্রটি। পাকিস্তান প্রতিষ্ঠার পর তারাই সুবিধা নিতে কর্তৃত্বলাভী হয়।


আশ্চর্যের বিষয় পূর্ববঙ্গ সম্পূর্ণ ভিন্ন ভাষা, সংস্কৃতির ঐতিহ্য বহন করলেও তাকে একটি প্রদেশ হিসেবে পরিগণিত করা হল এবং নাম দেওয়া হল পূর্ব-পাকিস্তান, এখানে একটি ফাঁকি অবশ্যই রয়ে গিয়েছিল। অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে বঞ্চিত করাই সম্ভবত ছিল মূল উদ্দেশ্য। বাজেটের অর্থ বিতরণের সময় পূর্ব পাকিস্তান ছিল ততটুকুরই অধিকারী যতটুকু অন্যান্য প্রদেশগুলোর প্রাপ্য। সুতরাং পূর্ব পাকিস্তান নাম হলেও বাজেট বরাদ্দের জন্যই তাকে প্রদেশ হিসেবে ধরা হয়েছিল। কিন্তু জনসংখ্যার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের প্রাপ্য ছিল অনেক বেশি। তাছাড়া পাকিস্তানকে যেহেতু দু'টি ভাগে ভাগ করা হয়েছিল, সেক্ষেত্রে বাজেট বরাদ্দের ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বাজেটের ভাগ সম-অঙ্কেরই হওয়া উচিত ছিল।


এই ধরনের প্রতারণা যাতে পূর্ববঙ্গের মানুষ মেনে নিতে অরাজী না হয়, সেই কারণে প্রথম থেকেই পূর্ববঙ্গকে দমন করার নীতি ছিল পাকিস্তানি শাসকবর্গের। বলা বাহুল্য শাসনকার্য পরিচালনায় পশ্চিম পাঞ্জাবের প্রভাব ছিল শক্তিশালী। পাকিস্তান সৃষ্টির প্রথম থেকেই পূর্ববঙ্গকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখেছে পাঞ্জাব। অর্থনৈতিক ক্ষেত্রে ও শিক্ষায়-যোগ্যতায় অন্যান্য প্রদেশ ছিল, পাঞ্জাবের তুলনায় পশ্চাদপদ। অথচ পূর্ব পাকিস্তান ছিল শিক্ষায়, মেধায় পাঞ্জাবের চেয়ে অগ্রগামী। পাঞ্জাবি সুবিধাবাদের পক্ষে পূর্ব পাকিস্তানের এই অগ্রগামিতাকে ভবিষ্যৎ হুমকির কারণ হতে পারে ভেবেই আগ্রাসন শুরু হয়েছিল পূর্ববঙ্গের মানুষের ভাষা ও সংস্কৃতির ওপর। পাকিস্তানি সংস্কৃতি কথিত উত্তর ভারতের মুসলমানের সংস্কৃতি এবং ভাষাকেই বাঙালি দমনে অস্ত্র হিসেবে হাতে তুলে নেওয়া হয়েছিল।”

[প্রাচীন নগরীতে যাত্রা, রিজিয়া রহমান পৃ. ১৩১-১৩৪]

Wednesday, November 4, 2026

শেখ দীন মোহাম্মদকে কিভাবে আবিষ্কার করেছি?


এক পাঠক প্রশ্ন করেছেন, শেখ দীন মোহাম্মদের মতো অচেনা ভুলে যাওয়া এক প্রাচীন চরিত্রকে নিয়ে কাজ করতে উৎসাহিত হলাম কী করে? আসলে হঠাৎ করে তাকে আবিষ্কার করেছিলাম অন্য একটা কাজের সূত্রে। তাঁর কর্মকীর্তি আবিষ্কার করে চমৎকৃত হয়েছিলাম। তারপর কাজে লেগে গেলাম। ব্যাস!

১৭৫৯ সালে জন্ম নেওয়া শেখ দীন মোহাম্মদের অনেকগুলো কীর্তি ইতিহাসের অংশ হয়ে আছে। সেই ইতিহাস ভারতবর্ষের কোথাও নেই, বরং ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডেই সংরক্ষিত। এটা খুব আশ্চর্যজনক ব্যাপার যে, একজন নেটিভ ভারতীয়কে এতটা সম্মান দিয়েছে ইউরোপীয় সমাজ।

দীন মোহাম্মদের আগে কোনো ভারতীয় ইংরেজিতে বই লেখেননি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো ভারতীয় কর্মচারী ভারতে তাঁদের অভিজ্ঞতার কথা লেখেননি। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম সম্পর্কে বেশিরভাগ বইপত্র ইউরোপীয় দৃষ্টিকোণ থেকে লেখা। ভারতে ব্রিটিশ উপনিবেশ প্রতিষ্ঠার যুদ্ধে অংশগ্রহণকারী বেশিরভাগ সৈন্য স্থানীয় অধিবাসী হলেও তাঁদের মধ্যে কেউই তাঁদের অভিজ্ঞতা সম্পর্কে লেখেননি। সেই সময়ে ভারতে এ ধরনের বইপত্র লেখার চল শুরু হয়নি। ফলে দীন মোহাম্মদের বই প্রকাশের ঘটনাটি একটি অসাধারণ এবং ঐতিহাসিক ঘটনা। তিনিই প্রথম এবং সম্ভবত একমাত্র ব্যক্তি, যিনি সেই অভিজ্ঞতা এবং ব্রিটিশদের প্রতি সাধারণ সৈন্যদের মনোভাবের সরাসরি বিবরণ দিয়েছেন। যদিও দীন মোহাম্মদ একজন ব্রিটিশ-ভক্ত সৈনিক ছিলেন, তবুও তাঁর বইয়ের মাধ্যমে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম দিককার কর্মকাণ্ড সম্পর্কে যেসব তথ্য আমাদের জানান, তা যে কোনো ভারতীয়ের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি। অতএব, দীন মোহাম্মদের বইটিকে ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচনা করা অপরিহার্য।

১৭৯৩ সালের মার্চ মাসে তিনি সাবস্ক্রিপশনের মাধ্যমে বইটি প্রকাশের পরিকল্পনা গ্রহণ করেন, যা সেই সময়ের একটি প্রচলিত প্রথা ছিল। দীন মোহাম্মদ তাঁর বইটার প্রচারের জন্য কেবল জনসাধারণের বিজ্ঞাপনই ব্যবহার করেননি, বরং গ্রাহক সংগ্রহ করার জন্য ব্যক্তিগতভাবে দক্ষিণ আয়ারল্যান্ডের বিশিষ্ট পরিবারগুলোর সাথে দেখা করেছিলেন। তাঁর প্রচেষ্টা সফল হয়েছিল, কারণ বইটা প্রকাশের আগে ৩২০ জন ব্যক্তি ২ শিলিং ৬ পেন্স করে জমা দিয়েছিলেন। এদের সবাই অভিজাত পরিবারের লোক ছিলেন।

দীন মোহাম্মদের জন্মের পরের সময়কাল থেকে ইংরেজ কোম্পানি তাঁর পরিবার এবং সেরকম আরও অনেক পরিবারের জীবিকার ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। তাঁদের মতো অনেক মুসলিম পরিবার কোম্পানির সেনাবাহিনী এবং প্রশাসনে ভারতীয়দের মধ্যে ওপরের দিকে স্থান পেতে শুরু করে—তবে অবশ্যই ইউরোপীয়দের নিচে। বেঙ্গল আর্মিতে দীন মোহাম্মদের সময়কালে প্রায় অর্ধেকের মতো উচ্চপদস্থ ভারতীয় অফিসার, ৪০% নিম্নপদস্থ অফিসার এবং এক তৃতীয়াংশ সিপাহি মুসলিম পরিবার থেকে আগত ছিলেন, যা তাদের জনসংখ্যা অনুপাতের চেয়ে অনেক বেশি। সেই সময় মুসলিম জনসংখ্যা ছিল এক চতুর্থাংশ।

যেহেতু সেই সময় থেকেই বাংলার নবাবের ক্ষমতা খর্ব হতে শুরু করেছিল, তখন থেকেই অনেক অভিজাত মুসলিম কর্মকর্তা দ্রুত বর্ধনশীল কোম্পানির সৈন্যবাহিনীতে ঠাঁই করে নিতে শুরু করেন। অন্যদিকে রবার্ট ক্লাইভও হিন্দু-মুসলিম সৈন্যদের মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করছিলেন। এই সময়টাতে কোম্পানি বাঙালিদেরকে সৈন্যবাহিনীতে তেমন মূল্যায়ন করেনি; তারা সেই সময় শুধু মাত্র যোদ্ধা হিন্দু জাতিগোষ্ঠী আর মুসলমানদের নিয়োগ দিতে চাইতো।

কোম্পানির সৈন্যবাহিনীর বেলায়ও মুঘলদের মতো কঠিন শ্রেণিবিভেদ ছিল। উচ্চপর্যায়ের অফিসার এবং নিম্নপর্যায়ের সিপাইদের মধ্যে অনেক দূরত্ব ছিল। দীন মোহাম্মদের পিতার অফিসার পদবীর কারণে দীন মোহাম্মদও সরাসরি অফিসারদের সাথে কাজ করার সুযোগ পেয়েছিল। তাঁর বাবা সুবেদার পদে ছিলেন, যা ভারতীয়দের জন্য প্রযোজ্য পদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ছিল।

দীন মোহাম্মদ যখন বেড়ে উঠছিল, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমাগত তাদের ক্ষমতার পরিধি সম্প্রসারিত করছিল এবং ভারতবর্ষের শাসন প্রণালীর মধ্যে সরাসরি প্রভাব বিস্তার শুরু করেছিল। বাংলায় পুতুল নবাব বসিয়ে তাদের কাঁধে বন্দুক রেখে স্বার্থ হাসিল করে যাচ্ছিল। ১৭৫৭ থেকে ১৭৬৫ সময়কালে বাংলার নবাবের মাধ্যমে বিহার থেকেও রাজস্ব আদায়ের চেষ্টা করছিল, কিন্তু সেটা অংশত ব্যর্থ হয়েছিল। যে পরিমাণ রাজস্ব দরকার, সে পরিমাণ আদায় হচ্ছিল না, যা নিয়ে কোম্পানি অসন্তুষ্ট ছিল। ফলে বিহারের রাজস্ব আদায়ের জন্য কোম্পানি সরাসরি নিজেরাই মাঠে নেমে যায়। বিহারের রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয় থমাস রামবোল্ডকে। ১৭৬৬ সালে তাঁকে পাটনা রেভিনিউ বোর্ডের প্রধান করা হয় আর রাজা সিতাব রায়কে বাংলার নবাবের ডেপুটি হিসেবে সেটা দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়।

বিহারের ক্ষমতায় টিকে থাকার জন্য সিতাব রায় রামবোল্ড এবং ব্রিটিশ অফিসারদের সন্তুষ্ট করার জন্য প্রাণপণ চেষ্টা চালান। কোম্পানির বাহিনীকে ব্যবহার করে জোর করে জমিদারদের কাছ থেকে খাজনা আদায়ের চেষ্টা করেন। সেরকম একটা বাহিনীতে কাজ করত দীন মোহাম্মদের পিতা। জমিদারেরা অতিষ্ঠ হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল সিতাব রায়ের এই অত্যাচারের বিরুদ্ধে। সেরকম একটা খাজনা আদায়ের অভিযানে দীন মোহাম্মদের পিতাকে পাঠানো হয়েছিল, যেখানে তিনি প্রতিপক্ষের হাতে খুন হন। যদিও হত্যাকারীরা পরবর্তীতে ব্রিটিশদের সাথে বড় অংকের খাজনা দেওয়ার মাধ্যমে আপস করেছিল। ব্রিটিশ কর্তৃপক্ষ বা রাজা সিতাব রায়ের কাছে দীন মোহাম্মদের পিতার মৃত্যুর ঘটনাটা তেমন বড় কিছু না হলেও, দীন মোহাম্মদের পরিবারের জন্য সেটা ছিল একটি মর্মান্তিক ঘটনা। তাদের পরিবারে তখন অন্ধকার নেমে এসেছিল।

১৭৬৯ সালে দীন মোহাম্মদ যখন চাকরিতে যোগ দেয়, তখন বেঙ্গল আর্মির মোট ভারতীয় সৈন্য ছিল ২৭,২৭৭ জন, ইউরোপীয় অফিসার ৫২২ জন এবং ইউরোপীয় সৈন্য ২,৭২২ জন। ১৭৮২ সালে দীন মোহাম্মদ যখন চাকরি ছেড়ে দেয়, তখন ভারতীয় সৈন্য ছিল ৫২,৫০০ জন এবং কোম্পানির তিনটা প্রেসিডেন্সি মিলে মোট সৈন্য ছিল ১১৫,০০০ জন।

দীন মোহাম্মদ চাকরি ছেড়ে দিয়ে তখন মুক্ত। সে সময় চাকরি ছেড়ে দেওয়ার জন্য এক বছরের নোটিশ দিতে হতো, কিন্তু বিশেষ অবস্থার কারণে সে ব্যবস্থা মওকুফ করা হয়েছিল। তবে যে কোনো দরখাস্তের চূড়ান্ত মঞ্জুরের জন্য ছয় সপ্তাহের একটা বিরতি থাকত, এমনকি সেটা যদি ক্যাম্প ট্রান্সফারও হয়। অফিসারদের ক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য ছিল। ধরে নেওয়া যায়, সেই অবকাশে দীন মোহাম্মদ ক্যাপ্টেন বেকারের সাথে এদিক-সেদিক ঘুরে ফিরে কাটিয়েছেন বেশ কিছুদিন, যার মধ্যে অন্যতম ছিল ঢাকা ভ্রমণ। ঢাকা থেকে কলকাতা ফেরার পথে সুন্দরবন এলাকাও ঘুরে দেখেছিলেন। এ ছাড়া ১৭৮৩ সালের পুরো সময়টা কলকাতাতেই কেটেছে। বেকারের সাথে আয়ারল্যান্ড যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত হয় তখন।

সে সময় অধিকাংশ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজে করে ইউরোপে যাতায়াত করত। জাহাজগুলো অপেক্ষাকৃত নিরাপদ এবং শক্তিশালী ছিল। কিন্তু কোম্পানির জাহাজে যেতে হলে কিছু নিয়মকানুন মেনে চলতে হতো। দীন মোহাম্মদকে নিয়ে ক্যাপ্টেন বেকারের পক্ষে কোম্পানির জাহাজে যাওয়া সম্ভব ছিল না। তাই বিকল্প হিসেবে একটা ডেনিশ জাহাজে চড়ে রওনা দেওয়ার সিদ্ধান্ত হয়। এটা খুব গোপনে পরিকল্পনা করা হয়েছিল, ফলে কলকাতার বাইরে থেকে জাহাজে উঠতে হবে।

৭০০ টন ধারণক্ষমতা সম্পন্ন ডেনিশ জাহাজটির নাম ছিল ‘ক্রিস্টিয়ানবর্গ’। সেই জাহাজে ডেনিশ কোম্পানির কিছু গোপন মালামাল ছিল। তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শুল্ক ফাঁকি দেওয়ার জন্য জাহাজটি কলকাতার বাইরে থেকে ছাড়ে। সেখানে এক লাখ পাউন্ডের সমতুল্য মালামাল ছিল, যেটি ভারত থেকে ডেনমার্কগামী যেকোনো ডেনিশ জাহাজের মধ্যে সর্বোচ্চ। সেই জাহাজে দীন মোহাম্মদ ইউরোপে পৌঁছে গিয়েছিল। আয়ারল্যান্ডের কর্ক (Cork) শহরে তাঁর জীবনের নতুন একটা অধ্যায়ের সূত্রপাত ঘটে।

১. কর্ক শহরে বসেই তিনি তাঁর বিখ্যাত বই ‘দ্য ট্রাভেলস অব ডিন মাহোমেদ’ (The Travels of Dean Mahomet) রচনা করেন, যা ১৭৯৪ সালে প্রকাশিত হয়। এটিই ছিল কোনো ভারতীয় কর্তৃক ইংরেজিতে প্রকাশিত প্রথম কোনো বই। এই বইটিতে তিনি তাঁর ভ্রমণকাহিনি, মুঘল ভারত এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম দিকের কর্মকাণ্ডের দুর্লভ বিবরণ তুলে ধরেন।

২. আয়ারল্যান্ড থেকে তিনি পরবর্তীতে ইংল্যান্ডে চলে যান। ১৮১০ সালে লন্ডনের পোর্টম্যান স্কোয়ারে তিনি খুলেন ‘মোহামেদস বাথ অ্যান্ড শ্যাম্পুয়িং মেশিনস’ নামক একটি এক্সক্লুসিভ বাথ বা স্বাস্থ্যকেন্দ্র। সেখানে তিনি ভারতীয় ঐতিহ্যবাহী ভেষজ তেল ব্যবহার করে মালিশ এবং বাষ্পীয় স্নানের প্রচলন করেন, যা তৎকালীন ব্রিটিশ সমাজে প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করে। ইংরেজি ভাষায় ‘শ্যাম্পু’ (Shampoo) শব্দটির আধুনিক ব্যবহারে তাঁর এই উদ্যোগের ভূমিকা ঐতিহাসিক।

৩. তাঁর এই ব্যতিক্রমী ও স্বাস্থ্যসম্মত থেরাপি এতই জনপ্রিয় হয়েছিল যে, ব্রিটিশ রাজা চতুর্থ জর্জ এবং চতুর্থ উইলিয়াম তাঁকে তাঁদের ব্যক্তিগত ‘শ্যাম্পুয়িং সার্জন’ বা রাজকীয় ম্যাসাজ ও স্নান বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দিয়েছিলেন। একজন সাধারণ ভারতীয় অভিবাসী হিসেবে ব্রিটিশ রাজদরবারে এমন বিরল সম্মান ও উচ্চ পদমর্যাদা লাভ করা ছিল এক অভাবনীয় কীর্তি।

শেখ দীন মোহাম্মদের জীবন এবং তাঁর লেখা গ্রন্থটি নিয়ে এই কাজটি করতে টানা দুবছর সময় লেগেছে। কাজটা খুব লাভজনক ছিল না। কিন্তু এই কাজের সুবাদে মার্কিন ইতিহাসবিদ প্রফেসর মাইকেল এইচ ফিশারের মতো একজনের সাথে একটা সম্পর্ক তৈরি হওয়া খুব মূল্যবান অর্জন ছিল।

বইটা প্রকাশিত হয়েছে বাতিঘর থেকে ২০২৫ সালে।